Logo
Logo
×

বিনোদন

জেলার ২

রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সিনেমাটি মুক্তি উপলক্ষে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে শুরু হয়েছে উৎসবের আমেজ। কোথাও প্রিয় তারকার বিশাল পোস্টারে দুধ ঢালছেন ভক্তরা, আবার কোথাও ‘থালাইভা’ স্লোগান দিয়ে আরতি করে উদ্‌যাপনে মেতেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। চেন্নাইয়ের কোয়াম্বেদু এলাকার রোহিণী থিয়েটারের বাইরে রজনীকান্তের বিশাল পোস্টারে দুধ ঢালতে দেখা যায় ভক্তদের। এ সময় ‘থালাইভা’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রিয় তারকার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে ভক্তদের এমন আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

‘জেলার ২’ নিয়ে যত আয়োজন

নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত ‘জেলার ২’ প্রযোজনা করেছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কালানিথি মারান সিনেমাটির প্রযোজক। ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল এটি।

সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, এস জে সূর্য, মোহনলাল, বিদ্যাবালান, সুরজ ভেঞ্জারামুডু ও মিঠুন চক্রবর্তীসহ অনেকে। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে মোহনলাল, হৃতিক রোশন, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফের। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণে ছিলেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আর নির্মল।    

এর আগে ২০২৩ সালের ১০ আগস্ট মুক্তি পেয়েছিল ‘জেলার’। সিনেমাটির গল্পে মুথুভেল পান্ডিয়ান নামের এক অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তার জীবনে পরিবারের নিরাপত্তা ঘিরে নতুন করে সহিংসতার জগতে জড়িয়ে পড়ার ঘটনা তুলে ধরা হয়। মুক্তির পর সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পায়। এর মধ্য দিয়ে বিভিন্ন আঞ্চলিক বাজারে রজনীকান্তের জনপ্রিয়তা আরও জোরালো হয়। সেই সাফল্যই সিক্যুয়েল ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দেয়।   

‘জেলার’-এর সাফল্যের পর আবারও রজনীকান্ত ও নেলসন দিলীপকুমারের সঙ্গে কাজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ফলে সিনেমাটির সংগীত নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

মুক্তির মৌসুমে বাড়তি প্রতিযোগিতা

ভারতজুড়ে রজনীকান্তের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। তার সিনেমা মুক্তি পেলেই প্রথম দিনের প্রদর্শনী ঘিরে দর্শকদের ভিড়, নানা আয়োজন ও উৎসবের দৃশ্য দেখা যায়। ‘জেলার ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে দক্ষিণ ভারতের সিনেমার বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে যাচ্ছে আরেকটি সিনেমা। বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ‘রানাবালি’ ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, অর্থাৎ ‘জেলার ২’-এর এক দিন পর। ছুটির মৌসুমে মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটি দর্শক টানতে কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন