Logo
Logo
×

বিনোদন

শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমার শুটিংয়ে ঘটল ভয়াবহ ঘটনা। অ্যাকশন দৃশ্য ধারণের সময় ক্রেন থেকে ঝুলিয়ে রাখা একটি গাড়ি শূন্যে উল্টে গিয়ে নিচে রাখা ভ্যানের ওপর আছড়ে পড়ে। গাড়িটি অভিনেতার মুখের খুব কাছাকাছি চলে আসায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’ সিনেমার ক্লাইম্যাক্সের শুটিংয়ে এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রকাশিত শুটিংয়ের পেছনের দৃশ্যের একটি ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে ওপরে তোলা একটি গাড়ি মাঝআকাশে উল্টে যায়। পরে সেটি নিচে পার্ক করে রাখা একটি কালো ভ্যানের ওপর পড়ে। এ সময় গাড়িটি ইমরান হাশমির মুখের কাছাকাছি চলে আসে। তবে ঘটনাটি আগে থেকে পরিকল্পিত অ্যাকশন দৃশ্যের অংশ ছিল, নাকি শুটিংয়ের সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সিনেমার নির্মাতাদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ নিয়ে অবশ্য প্রথমবার নয়, এর আগেও সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত জুনে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে শুটিং চলাকালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিনেমার সেটে ব্যবহৃত বারসদৃশ দৃশ্যপটকে স্থানীয়দের কেউ কেউ বাস্তব বার ভেবে ভুল করেন। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হলে পরে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

সিনেমাটির প্রযোজক দীপক মুকুট তখন জানিয়েছিলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে শুটিং করা হচ্ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

প্রসঙ্গত ইমরানকে সর্বশেষ দেখা গেছে ‘আওয়ারাপন টু’ সিনেমায়। আর এবার নতুন সিনেমার শুটিংয়ের এই বিপজ্জনক দৃশ্য ঘিরে আলোচনায় উঠে এলেন অভিনেতা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন