অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন জায়েদ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ এএম
ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা ও কবি রিফাত চৌধুরী অসুস্থ হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। আর অসুস্থ অভিনেতার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার বিষয়টি সংবাদমাধ্যমে জানার পর তার চিকিৎসার জন্য সহযোগিতার উদ্যোগ নিয়েছেন নায়ক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিনেতা রিফাতকে আর্থিক সহায়তা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা জায়েদ খান। এ চিত্রনায়ক বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই জায়গা থেকে আমি আমার সাধ্যমত রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি ইন্ডাস্ট্রির অন্য শিল্পীরাও এই গুণী অভিনেতার পাশে দাঁড়াবেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।
এর আগে ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় কবি-অভিনেতা রিফাতের অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চঞ্চল চৌধুরী বলেন, আর্থিক সংকটের জন্য রিফাতের যথাযথ চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে। তার জন্য পরিচিতজন, সহকর্মী এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
এদিকে রিফাতের পাশে শিল্পী সংঘও দাঁড়িয়েছে। সংগঠন থেকে এরইমধ্যে আর্থিক সহায়তা করা হয়েছে। এবার জায়েদ খান সহায়তা করলেন। ইন্ডাস্ট্রির অন্যরাও এগিয়ে আসবেন বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত। ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। শুরুতে ফ্লোরে দিন কাটছিল তার। ক’দিন পর বেড মিলে। দুরবস্থার বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এলে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। আর এখন সেখানেই চিকিৎসা চলছে এই গুণি অভিনেতার।



