Logo
Logo
×

বিনোদন

আসছে ‘মহানগর ৩’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

আসছে ‘মহানগর ৩’

অবশেষে অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’র তৃতীয় সিজন নিয়ে ইঙ্গিত দিলেন তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে সিরিজটির নতুন সিজনের ইঙ্গিত দিয়েছেন এ নির্মাতা।

২০২১ সালে মুক্তি পায় ‘মহানগর’ ওয়েব সিরিজ। যা ওই সময় যেমন জনপ্রিয়তা লাভ করেছিল, পাশাপাশি জায়গা করে নিয়েছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর শুরু হয় দ্বিতীয় সিজনের অপেক্ষা। পরে দুই বছর পর দ্বিতীয় সিজনও আসে। সেটিও সাড়া ফেলে। এর গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের গুণে সিরিজটি বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও সাড়া ফেলে ব্যাপক।

এর পরই সিরিজটির তৃতীয় সিজন নিয়ে শুরু হয় নতুন আলোচনা। একইসঙ্গে প্রশ্ন দেখা দেয়, কবে আসবে তৃতীয় সিজন। এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হয়েছেন নির্মাতা। কিন্তু গত তিন বছরেও নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

তবে এবার দর্শকদের সেই দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়ে শেষ দিকে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। হাতে বেশি সময় নেই।’

তবে, ঠিক কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও রহস্যে ঢেকে রাখেননি। ভিডিওতে নিজের কণ্ঠে ‘মহানগর’র পরিচিত ইন্ট্রো মিউজিক গাইতে দেখা যায় তাকে। আর তাতেই দর্শকরা স্পষ্ট বুঝে যান―সিরিজটির তৃতীয় সিজন নিয়ে কাজ করছেন আশফাক নিপুণ। আবার, পোস্টে মন্তব্যের ঘরে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানালেও, একজন জানতে চান- ‘মহানগর ৩’ কবে আসবে? এর জবাবে নির্মাতা লিখেছেন, ‘ইয়েস।’

কিন্তু সিরিজটির নতুন সিজনের শুটিং ঠিক কবে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে, এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট কিছু জানাননি নির্মাতা আশফাক নিপুণ।

উল্লেখ্য, ‘মহানগর’ সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা মোশাররফ করিম। জানা গেছে, তৃতীয় সিজনেও একই চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি নতুন সিজনে চমক হিসেবে ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যেতে পারে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন