Logo
Logo
×

বিনোদন

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত করলেন শাবনূর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত করলেন শাবনূর

চিত্রনায়িকা শাবনূর

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’―পাঁচটি শব্দের ছোট্ট এই একটি বাক্যই সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। আর এই বাক্য স্পষ্টতই জানান দিচ্ছে তার না বলা নানা কথা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় অনেকেই তার সম্পৃক্ততা খুঁজেছেন। আবার কেউ কেউ যখন তাকে দোষী আখ্যা দিয়ে বিচার দাবি করছেন, ঠিক তখনই এমন বার্তা দিলেন এ অভিনেত্রী।

এদিকে সালমান শাহ হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে আটক রাখার জন্য আদেশ দেন আদালত।

আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা ডনের পূর্বে প্রদত্ত জবানবন্দির বিস্তারিত তুলে ধরেন। জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা প্রথমে সালমান শাহর নাকে-মুখে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করেন। তারপর অচেতনের মাত্রা বেশি গভীর করার জন্য তাকে বিশেষ ইনজেকশন দেয়া হয়। আর মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়া হয়। ডন তার জবানবন্দিতে স্বীকার করেছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই দড়িটি তিনি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন।

সালমান শাহর মৃত্যু রহস্য উন্মোচন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠে এসেছে। একইসঙ্গে আসামিদের গ্রেপ্তারের জন্যও দাবি তোলা হয়েছে। নায়কের ভক্তরা বিক্ষোভ করে মামলার অন্যসব আসামিদের গ্রেপ্তারের জন্য দাবি জানিয়ে এসেছেন বিভিন্ন সময়। আর এসব ব্যাপারে এতদিন নিশ্চুপ থাকলেও মঙ্গলবার (১৮ আগস্ট) ফেসবুকে মাত্র একটি ছোট বাক্য লিখেই যেন না বলা নানা কথা জানালেন শাবনূর।

যদিও সালমান শাহ হত্যা মামলার সঙ্গে বিভিন্ন সময় অনেকেই শাবনূরের সম্পৃক্ততাও খুঁজেছেন। কেউ কেউ আবার তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। সেই দাবির সঙ্গে নায়কের মা নীলা চৌধুরীর আবার ভিন্নমত।

সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রেম ও বিতর্কের গুঞ্জন ওঠেছে। কিন্তু এ নায়িকা সবসময় দাবি করেছেন, তাদের সম্পর্ক ছিল শুধুই ভাই-বোনের মতো। সম্প্রতি অভিনেতার মা নীলা চৌধুরী শাবনূরের সেই দাবিকে সমর্থন জানান। বলেন, আমার ছেলের সঙ্গে কখনোই প্রেম ছিল না শাবনূরের; শাবনূরকে সবসময় নিজের বোনের মতো দেখতেন সালমান শাহ।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় সালমান শাহর। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মৌসুমী। তারপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটিবদ্ধ হন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই জুটি। এরপর মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন অভিনেতা, এর মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।

সালমান শাহ-শাবনূর অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’। এই জুটির অধিকাংশ সিনেমাই ব্যবসায়িক সাফল্য লাভ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন