Logo
Logo
×

বিনোদন

‘গোপনে বিয়ে’র খবরে চটলেন পূজা চেরি, আইনি ব্যবস্থা নিয়ে যা বললেন চিত্রনায়িকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২২ এএম

‘গোপনে বিয়ে’র খবরে চটলেন পূজা চেরি, আইনি ব্যবস্থা নিয়ে যা বললেন চিত্রনায়িকা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম একজন পূজা চেরি। সাধারণত সিনেমা নিয়েই বেশিরভাগ সময় আলোচনায় ও শিরোনামে থাকেন তিনি। তবে এরইমধ্যে কয়েকবার তার প্রেমের গুঞ্জন উঠেছে। প্রযোজক, পরিচালক কিংবা নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা চর্চাও হয়েছে। কিন্তু এবার সেই আলোচনা গড়িয়েছে বিয়েতে। গুঞ্জন উঠেছে, গোপনে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে নানা খবর ছড়িয়েছে। যা নজরে পড়তেই বিষয়টি ভিত্তিহীন জানিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি হুঁশিয়ারি দিয়েছেন এ অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত মূলত নতুন একটি গুঞ্জনকে কেন্দ্র করে। গুঞ্জন উঠেছে―দেশের এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন পূজা। এরইমধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সেরেছেন। আর এই গুঞ্জন কানে পৌঁছাতেই মুখ খুলেছেন তিনি। গোপনে বিয়ের কথা অসত্য জানিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন পূজা।

সোমবার (১৭ আগস্ট) রাত ১১টা ৩৭ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সঙ্গে, কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ করা হচ্ছে―যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’

তিনি লিখেছেন, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম―আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই―আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এরপরই ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর ব্যাপারে আইনি হুঁশিয়ারি দিয়েছেন পূজা। বলেন, ‘সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিক নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

এ অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী, ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।’

সবশেষ তিনি লিখেছেন, ‘আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন