থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নাটকটির চিত্রগ্রাহক মেহেদী রনি।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খায়রুল বাসার জানান, পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজন পড়ে যান। পরে শুটিং টিমের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তার কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলেও জানান বাসার। দুজনেরই এক্স-রে করানো হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখা হয়েছে। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে খায়রুল বাসার বলেন, আগামী দুই থেকে তিন দিন তার পক্ষে শুটিং করা সম্ভব হবে না।
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে সম্প্রতি থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। নাটকগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। এতে বাসারের সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে অভিনয় করছেন।



