Logo
Logo
×

বিনোদন

রাফীর সিনেমা দিয়ে রেহানের বড় পর্দায় অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

রাফীর সিনেমা দিয়ে রেহানের বড় পর্দায় অভিষেক

ফররুখ আহমেদ রেহান। ছবি: অভিনেতার ফেসবুক

মুক্তির আগেই আলোচনায় এসেছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহলের মধ্যে এবার শুটিং সেটের মনিটর থেকে নেয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে ছবিটির ‘আনঅফিশিয়াল লুক’ প্রকাশ করেছেন নির্মাতা নিজেই। সেই সঙ্গে সামনে এনেছেন সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র হিমেলকে।

হিমেল চরিত্রের জন্য ফররুখ আহমেদ রেহানকে বেছে নেয়ার পেছনের গল্পও জানিয়েছেন রাফী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে নির্মাতা বলেন, হিমেল চরিত্রের জন্য এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাকে নিয়ে দর্শকের আগে থেকে তেমন কোনো ধারণা নেই। তবে নতুন শিল্পীর অভিজ্ঞতা কম থাকায় চরিত্রের বিভিন্ন আবেগ ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন কি না, তা নিয়ে ঝুঁকি ছিল।

রাফীর ভাষায়, ‘আমরা রিস্ক নিয়েছি। এবং আমার ধারণা, রিস্ক নিয়ে জিতেছি।’ তিনি জানান, ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল ও অভিনেতা। ‘আন্ধার’-এর পর দর্শক তাকে অভিনেতা হিসেবেই বেশি চিনবেন বলে আশা করছেন নির্মাতা।

হিমেল চরিত্রের জন্য ফররুখ আহমেদ রেহানকে বেছে নেয়ার পেছনের গল্পও জানিয়েছেন রাফী। ছবি: রাফীর ফেসবুক

অন্যদিকে বড় পর্দায় অভিষেক হতে যাওয়া রেহানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটি নিয়ে। হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ পাবেন, তা কখনো ভাবেননি। অভিনয়ে পথচলা শুরুর সময়েই রায়হান রাফীর সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি। অভিনেত আবলেন, গল্পটা শোনার পর আমি শুধু একটা কথা বলেছিলাম, ‘রাফি ভাই, শাকিব ভাই, আদনান ভাই, আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা বলবেন, আমি করব’।  

চরিত্রটি নিয়ে নির্মাতাদের পরিকল্পনা ও তাকে নিয়ে করা পরিশ্রমের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা। ‘আন্ধার’ সিনেমায় হিমেল চরিত্রে দেখা যাবে রেহানকে। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। একই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে স্বর্ণালী চৈতিরও।

জানা গেছে, দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ‘আন্ধার’-এর মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হন আদনান আদিব খান। সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা। হরর ও রহস্যনির্ভর গল্পের এই সিনেমাটি মুক্তির আগেই তাই দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন