ভাইসহ বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
যুক্তরাজ্য কর্তৃপক্ষ নতুন করে কিছু অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন আলোচিত ও বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেট। ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ধর্ষণ, মানব পাচার ও যৌন নিপীড়নসহ গুরুতর অভিযোগ তোলার পর গ্রেপ্তার হলেন তারা।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রিটেন কর্তৃপক্ষ অ্যান্ড্রু ও ট্রিস্টানের বিরুদ্ধে ৩৮টি অভিযোগ এনেছে। তারপর গ্রেপ্তার করা হয়েছে তাদের।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে সাতটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে যৌন ব্যবসার উদ্দেশ্যে মানব পাচার এবং শিশুদের অশ্লীল ছবির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। তার ভাই ট্রিস্টানের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে দুটি ধর্ষণের ঘটনা এবং যৌনতার উদ্দেশ্যে পাচারে সহায়তা করার তিনটি অভিযোগ।
এ ব্যাপারে বেডফোর্ডশায়ার ও হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে এখন মোট অভিযোগের সংখ্যা বেড়ে ৫৯টিতে দাঁড়িয়েছে।
অভিযোগ অনুযায়ী, অপরাধগুলো ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু তারা এর আগে যেকোনো ধরনের অপরাধের কথা অস্বীকার করেছেন।
সিপিএস জানিয়েছে, তাদের গ্রেপ্তারের পর প্রসিকিউটররা তাদের যুক্তরাজ্যে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া শুরু করবেন। তারা দুই ভাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, উভয় দেশের দ্বৈত নাগরিক।
সিপিএসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, বেডফোর্ডশায়ার পুলিশের কাছ থেকে অধিকতর সাক্ষ্য-প্রমাণের নথি পাওয়ার পর অভিযোগগুলো গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে মামলায় মোট কথিত ভুক্তভোগীর সংখ্যা এখন সাতে দাঁড়িয়েছে।
বেডফোর্ডশায়ার ও হার্টফোর্ডশায়ার পুলিশ এ সংক্রান্ত কিছু অপরাধের তদন্ত করছে। তারা এই পুরো প্রক্রিয়াকে একটি জটিল তদন্ত বলে অভিহিত করেছে। ফলে দুই ভাইয়ের বিরুদ্ধে নতুন করে ৩৮টি অভিযোগের অনুমোদন দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রু যুক্তরাজ্যে মোট ৪২টি এবং তার ভাই ট্রিস্টান ১৭টি অভিযোগের মুখোমুখি এখন।
ইউএস মার্শালস জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ভাই এখন হেফাজতে রয়েছে। আর মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদের।
এর আগে ২০২৪ সালে রোমানিয়া থেকে তাদের দুই ভাইকে ফিরিয়ে আনার জন্য ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বেডফোর্ডশায়ার পুলিশ। গত জুনে তারা যুক্তরাজ্যের আদালতে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগকারীদের নাম জানার জন্য একটি আইনি লড়াইয়ে হেরে যান। এ ব্যাপারে সিপিএস জানিয়েছিল―আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর আগ পর্যন্ত ভুক্তভোগীদের নাম গোপন রাখা প্রয়োজন।



