অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছে রক ব্যান্ড ওয়ারফেজ। তবে অ্যালবামের নাম এখনই প্রকাশ করেনি। সব গান প্রকাশের পরই অ্যালবামের নাম ঘোষণা করা হবে।
অ্যালবামটিতে থাকবে ১২টি গান। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম গান ‘গিরগিটি’।
৬ জুলাই লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ করা হবে। চলতি বছর আরও এক থেকে দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। বাকিগুলো মুক্তি পাবে আগামী বছর।
ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘দেশে ও বিদেশে আমাদের বেশ কয়েকটি ট্যুর রয়েছে। তাই চলতি বছরের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান প্রকাশ হয়ে যাবে।’
৯ জুলাই যুক্তরাজ্য সফরে যাবে ওয়ারফেজ। লন্ডনে ১১ জুলাই ও ১৯ জুলাই কনসার্ট করবে ব্যান্ডটি। ২৩ জুলাই বাংলাদেশে ফিরবে ওয়ারফেজ। সবকিছু ঠিক থাকলে পরের মাসেই যুক্তরাষ্ট্র ট্যুরে যাবে তারা।



