বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির কাছে ২০ কোটি রুপি চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। অভিযোগ, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে এই হুমকি দেয়।
ভারতীয় গণমাধ্যম ইয়নে খবরে বলা হয়েছে, ওই অডিও ক্লিপে দাবি করা হয়, এর আগে মুম্বাইয়ের জুহু এলাকায় রোহিত শেঠির বাসভবনের বাইরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, সেটি ছিল কেবল ‘ট্রেলার’ বা সতর্কবার্তা। ২০ কোটি রুপি না দিলে পরবর্তী হামলায় সরাসরি তাকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ফোনে যোগাযোগ করে ২০ কোটি রুপি দাবি করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি টাকার বেশি। এই অর্থ পরিশোধ না করলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়। হুমকি পাওয়ার পরই রোহিত শেঠি মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর তদন্তে নামে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কণ্ঠস্বরটি কার, সেটি শনাক্ত করার পাশাপাশি বার্তাটি আসল কি না, তাও যাচাই করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ, অডিওতে শোনা কণ্ঠটি ‘বাবা সিদ্দিকী হত্যা’ মামলার পলাতক আসামি শুভম লোনকারের হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
এর আগে মুম্বাইয়ের জুহু এলাকায় রোহিত শেঠির বাসভবনের বাইরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছিল। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা জোরদার করা হয় এবং এটি চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনের অংশ কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ। নতুন এই অডিও বার্তায় আগের গুলিবর্ষণের প্রসঙ্গ টেনে আরও বড় হামলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি বার্তার উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রযুক্তিগত তথ্যও বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।
এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউড তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে একাধিক চাঁদাবাজির হুমকি এসেছে। তবে রোহিত শেঠির সর্বশেষ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।



