আগামীকাল দেশে আসছে কারিনার মরদেহ, জানালেন বাবা কায়সার হামিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১১ পিএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই, এই খবরেই শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। তরুণ দর্শকদের কাছে প্রাণবন্ত কনটেন্ট ও অভিনয়ের জন্য পরিচিত এই তারকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
কায়সার হামিদ জানিয়েছেন, কারিনার মরদেহ শনিবার (১৬ মে) দেশে আনার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তের কিছু আনুষ্ঠানিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সব প্রক্রিয়া শেষ করতে না পারায় আগামী রোববারের ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হবে কারিনার মরদেহ।
তিনি বলেন, দাফন ও পরিবহনের জন্য প্রয়োজনীয় সংরক্ষণ (প্রিজার্ভেশন)-সংক্রান্ত কাজ শেষ না হওয়ায় আজ বিকেলের ফ্লাইট ধরা যায়নি।
গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বর ও সংক্রমণ ধরা পড়ার পর ধীরে ধীরে তার লিভারের সমস্যা গুরুতর রূপ নেয়। হেপাটাইটিস এ এবং ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবার।
মাত্র ৩১ বছর বয়সেই জীবনের ইতি টানলেন কারিনা কায়সার। তিনি মা-বাবা, দুই ভাই এবং একটি সৃজনশীল কাজের পথচলা রেখে গেছেন। তার দাদি বরেণ্য দাবাড়ু রাণী হামিদ। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজেকে যুক্ত করেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ ছিল তার আলোচিত কাজগুলোর মধ্যে অন্যতম।



