ফ্রান্সের দক্ষিণ উপকূলে কান সৈকতে বসেছে বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এই আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীরা অংশ নিচ্ছেন, যার সমাপ্তি ঘটবে আগামী ২৩ মে সম্মানজনক পাম দ’র প্রদানের মাধ্যমে।
এবারের চলচ্চিত্র কান উৎসবে বড় বড় হলিউড স্টুডিওগুলোর উপস্থিতি তুলনামূলক কম। যেখানে বিগত বছরগুলোতে ‘টপ গান: ম্যাভেরিক’ বা ‘এলভিস’-এর মতো ব্লকবাস্টার সিনেমার আধিপত্য ছিল, সেখানে এবার হলিউড যেন কিছুটা দূরত্ব বজায় রাখছে। স্টুডিওগুলোর এই অনুপস্থিতির পেছনে ফ্রান্সে তারকাদের নিয়ে আসার বিশাল খরচ এবং সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার ভয় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
তবে হলিউডের শূন্যতা পুষিয়ে দিতে থাকছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির একটি বিশেষ বার্ষিকী উদযাপন। কানের আর্টিস্টিক ডিরেক্টর থিয়েরি ফ্রেমো এ প্রসঙ্গে বলেন, ‘প্যারামাউন্ট স্কাইড্যান্সের মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের মতো বড় বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে হলিউড। আশা করি, স্টুডিওগুলো দ্রুতই আবার কানে ফিরবে।’
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, উৎসবের প্রথম রজনীতে প্রিমিয়ার হয়েছে ফ্রেঞ্চ পিরিয়ড-কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। এছাড়া উদ্বোধনী মঞ্চে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে এবারের আসরে ‘সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয়।
এবারের আসরে মূল প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় থাকা ২২টি সিনেমার ভাগ্য নির্ধারণ করবেন ৯ সদস্যের একটি জুরিবোর্ড। যার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক। প্যানেলে আরও রয়েছেন হলিউড তারকা ডেমি মুর, ক্লোয়ি ঝাও এবং স্টেলান স্কারসগার্ডের মতো ব্যক্তিত্বরা।
বিগত বছরগুলোতে কানের জয়জয়কার দেখা গেছে অস্কারের মঞ্চেও। দুই বছর আগে পাম দ’র জেতা শ্যন বেকারের ‘আনোরা’ অস্কারে সেরা চলচ্চিত্রের মুকুট পরেছিল। তাই এবারও সবার নজর পেদ্রো আলমোদোভার, জেমস গ্রে এবং রিউসুকে হামাগুচির মতো নির্মাতাদের নতুন সিনেমার দিকে। বিশেষ করে ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘নিওন’ এবারও আলোচনার তুঙ্গে, কারণ টানা ৬ বার পাম দ’র বিজয়ী সিনেমার পেছনে ছিল তাদের অবদান।
সিনেমা বাদেও এবারের কান উৎসব আলোচনায় রয়েছে জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ নিয়ে। সিরিজটির চতুর্থ সিজনের শুটিং চলছে এই ফ্রেঞ্চ রিভিয়েরা ঘিরেই। এছাড়া উৎসবে দ্যুতি ছড়াতে হাজির থাকছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, বারবারা স্ট্রাইস্যান্ড, অ্যাডাম ড্রাইভার, কেট ব্ল্যানচেট এবং সেবাস্টিয়ান স্ট্যানের মতো দাপুটে তারকারা।



