ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগামের (ডিএমকে) চেয়ে এগিয়ে রয়েছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত পাওয়া ফলে দেখা যাচ্ছে, ডিএমকে ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিজয়ের টিভিকে এগিয়ে আছে ৮৪টি আসনে। তবে ভিন্ন আরেকটি তথ্যে দেখা যাচ্ছে, টিভিকে ৬৭টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমন্বয়ে গঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৭৭টি আসনে এগিয়ে রয়েছে।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে রেকর্ড ৮৫ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দল বা জোটকে ১১৮টি আসনে জয়ী হতে হবে।
বেশিরভাগ বুথফেরত জরিপে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট আবারও ক্ষমতায় ফিরবে বলে আভাস দেওয়া হয়েছিল। তবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, বিজয়ের তামিলগা ভেট্টি কাজাগাম একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে।
২০২১ সালের নির্বাচনে কংগ্রেস ও বাম দলসহ ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স ১৫৯টি আসনে জয়ী হয়ে এআইএডিএমকের ১০ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল। তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন স্ট্যালিন। সে সময় এআইএডিএমকে ও বিজেপির এনডিএ জোট পেয়েছিল ৭৫টি আসন।
নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর পর রাজ্য থেকে ৭৪ লাখেরও বেশি ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, তামিলনাড়ু রাজ্যে বর্তমানে মোট ভোটার ৫ কোটি ৬০ লাখ।
সূত্র: স্ক্রল



