দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন দক্ষিণ ভারতের টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুতে শোকাহত সহকর্মী ও ভক্তরা। খবর এনডিটিভির। সিদ্ধার্থ ভেনুগোপালের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন মালায়লাম অভিনেত্রী সিমা জি নায়ের।
ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে সিমা জি নায়েরলেখেন, সব আশা ফিকে হয়ে গেল। জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল এক বেদনাহীন দুনিয়ায় পাড়ি জমালেন। গত দুই বছর ধরে তোমার জীবন ফিরিয়ে আনার জন্য আমি লড়াই করেছি। শরীর ও মন ক্লান্ত হয়ে গেলেও তোমার জন্য ছুটে গেছি। আজ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন, তোমার আর কষ্ট পাওয়া উচিত নয়। আমি এই শোক সহ্য করতে পারছি না সিদ্ধার্থ।
সহকর্মী কিশোর সত্যও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সিদ্ধার্থ ভেনুগোপাল দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার চিকিৎসার দেখভাল করছিলেন সিমা জি নায়ের। টেলিভিশন ধারাবাহিকের দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ।
কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেয়া সিদ্ধার্থ ভেনুগোপালের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় কলেজ জীবনেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরে ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। মৃত্যুকালে তিনি তার মা ও ছোট ভাইসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
সূত্র: এনডিটিভি



