ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবার পাড়ি জমাচ্ছেন হলিউডের অভিজাত আঙিনায়। তবে কোনো সাধারণ চরিত্রে নয়, আন্তর্জাতিক পর্দায় তিনি হাজির হতে যাচ্ছেন এক কিংবদন্তির বেশে। বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক প্রজেক্টে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহিরুহ পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেসের মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন ফারহান। সোনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস – আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’।
এটি কোনো একক চলচ্চিত্র নয়, বরং ব্যান্ডটির চার সদস্যের জীবন ও সঙ্গীত নিয়ে নির্মিত চারটি ভিন্ন চলচ্চিত্রের এক বিশাল আয়োজন। বিটলসের ইতিহাসে পন্ডিত রবিশঙ্করের প্রভাব অনস্বীকার্য। বিশেষ করে ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে তার গুরু-শিষ্যের সম্পর্ক এবং গভীর বন্ধুত্ব ষাটের দশকের বিশ্ব সঙ্গীতে এক নতুন মাত্রা যোগ করেছিল।
রবিশঙ্করের কাছে সেতার শেখার পর হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরক্ত হন, যার প্রভাব বিটলসের একাধিক কালজয়ী গানে ফুটে উঠেছে। সেই ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধনের গল্পই ফারহানের মাধ্যমে পর্দায় জীবন্ত হয়ে উঠবে।
পন্ডিত রবিশঙ্কর ছিলেন ভারতীয় সংস্কৃতির বিশ্বদূত। তার মার্জিত ব্যক্তিত্ব, তপোবনসম সঙ্গীতের গভীরতা এবং বিশ্বমঞ্চে তার প্রভাবকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্যই বড় চ্যালেঞ্জ। তবে ফারহান আখতারের মতো একজন সুনিপুণ শিল্পী এই চরিত্রের প্রতি পূর্ণ বিচার করবেন বলে আশাবাদী চলচ্চিত্রবোদ্ধারা।



