‘সুপারম্যান’ সিনেমার খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ব্রিটিশ অভিনেতা ও ‘সুপারম্যান’ সিনেমার খলনায়ক চরিত্রে বিশ্বজুড়ে পরিচিত টেরেন্স স্ট্যাম্প আর নেই। গত রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার পরিবার, তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
এপি, এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
১৯৭৮ সালের ‘সুপারম্যান’ এবং ১৯৮০ সালের সিক্যুয়েল ‘সুপারম্যান ২’-এ জেনারেল জোড চরিত্রে অভিনয় করে টেরেন্স স্ট্যাম্প বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। সুপারম্যান চরিত্রে ক্রিস্টোফার রিভের বিপরীতে তার আইকনিক খলনায়ক চরিত্র আজও স্মরণীয়।
লন্ডনে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতেই তিনি অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পান। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নানা ঘরানার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’ ছবিতে ট্রান্সজেন্ডার চরিত্র ‘বার্নাডেট’-এর ভূমিকায় তার অভিনয় ছিল সমালোচকদের প্রশংসায় ভাসা। ক্যারিয়ারের শেষদিকে থ্রিলার, কমেডি ও ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চারধর্মী ছবিতেও কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে পশ্চিমা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন এই কিংবদন্তি অভিনেতাকে।



