ছবি- সংগৃহীত
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’-র প্রচারে, যেখানে তিনি জুটি বেঁধেছেন সারা আলি খানের সঙ্গে। এই সিনেমাটি আধুনিক শহুরে প্রেমের গল্প নিয়ে নির্মিত, যেখানে সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা তুলে ধরা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। প্রেমে ব্যর্থতা বা হৃদয় ভাঙার পর তিনি কীভাবে নিজেকে সামলে ওঠেন, সেই প্রসঙ্গে তিনি জানান—এমন সময় তিনি নিজের ঘর গোছাতে ভালোবাসেন। দাবা খেলা কিংবা বাথরুম পরিষ্কার করার মতো ছোট ছোট কাজে নিজেকে ব্যস্ত রাখেন, যাতে মন অন্যদিকে থাকে।
আধুনিক সম্পর্কের ধরন নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে আদিত্য বলেন, বর্তমান যুগে সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগের দিনের মতো ধৈর্য বা গভীর যোগাযোগ এখন আর তেমন দেখা যায় না। তিনি নিজেকে ‘ওল্ড স্কুল’ বলে উল্লেখ করেন এবং বলেন, সম্পর্ক মানে শুধু প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন—সব মিলিয়েই জীবন।
সমাজে প্রচলিত ‘সিচুয়েশনশিপ’ বা সম্পর্কের নতুন সংজ্ঞাগুলোর বিষয়ে আদিত্যর মন্তব্য, এসব ধারণা তার কাছে খুব একটা পরিচিত নয়। তার মতে, সম্পর্ককে যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো। ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
‘মেট্রো ইন দিনো’- সিনেমার মাধ্যমে দর্শকরা এক নতুন শহুরে প্রেমের অভিজ্ঞতা পেতে চলেছেন, যেখানে সম্পর্কের বাস্তবতা ও আবেগের নানা দিক উঠে আসবে।
আরএস/



