অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম
আগামী রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে মর্মে পত্র প্রদান করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।



