Logo
Logo
×

শিক্ষা

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা ও জুম্ম জনগণের জাতীয় জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও  প্রদীপ প্রজ্বলন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্বালন করা হয়।

এ সময় ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে পার্বত্য অঞ্চলের জাতিসত্তাগুলোর স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা গড়ে উঠেছে। তবে সাংবিধানিক অধিকার, শিক্ষা, ভূমির অধিকার, মানবিক মর্যাদা ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা ও বৈষম্যের অনুভূতি থেকেই অসন্তোষ তৈরি হয়। এ সংকট নিরসনে সরকার ও মূল ভূখণ্ডের জনগোষ্ঠীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার ও পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি না করে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা প্রতিষ্ঠা জরুরি।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে বরাদ্দ করা বাজেট প্রকৃতপক্ষে স্থানীয় জনগণের জীবনমান ও কল্যাণে কতটা ব্যয় হচ্ছে, তা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। নানা প্রতিবন্ধকতা ও দারিদ্র্য সত্ত্বেও পার্বত্য অঞ্চলের প্রতিটি পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। কারণ, ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে না পারলে পিছিয়ে থাকার এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি বিজয় চাকমা বলেন,  “এম এন লারমা কেবল পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের প্রতিনিধি।

পার্বত্য অঞ্চলের সামন্ততান্ত্রিক প্রথা ও তৎকালীন কর্তৃপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং কাপ্তাই বাঁধের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন, তা ইতিহাসের এক অনন্য অধ্যায়।”

উল্লেখ্য, ‎১৯৮৩ সালের ১০ই নভেম্বর দেশী-বিদেশী ষড়যন্ত্রের কষাঘাতে ক্ষমতালিপ্সু বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশদের হঠকারী সিদ্ধান্তের কারণে এই দিনে তিনিসহ আটজন সহযোদ্ধা আততায়ীর হাতে শহীদ হন। মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়াচরের মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন