এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেলের সুবিধা: শিক্ষামন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে যে অসামঞ্জস্য ছিল, তা দূর করে সবাইকে একই পে-স্কেলের সুবিধার আওতায় আনা হবে।
রোববার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি বছরে শিক্ষা খাত সর্বোচ্চ বাজেট পেয়েছে এবং সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেল কার্যকর হয়েছে। একই সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও খুব শিগগিরই পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ড. মিলন বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি জানান, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন, যা দেশের জন্য গর্বের বিষয়। এসব গবেষককে নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তাভাবনাও চলছে।
গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের শিক্ষকতা জীবনের বিভিন্ন পর্যায়ে গবেষণায় সম্পৃক্ত হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষা, পিএইচডি এবং গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জ্ঞানভিত্তিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তি ও এআই শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের উন্নয়ন, গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন গণশিক্ষামন্ত্রী।



