২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইন ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ২৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জিপিএ উন্নয়ন, বহিষ্কৃত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫ অর্জন করতে না পারা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। এ ক্ষেত্রে তাদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় জিপিএ উন্নত হলে নতুন ফলাফল গ্রহণ করা হবে, অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে।
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় পূর্ববর্তী পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
এদিকে, শাস্তির মেয়াদ শেষ হওয়া বহিষ্কৃত পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ কার্যকর থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যদি ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে, তবে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ সব বিষয়ে অংশ নিতে পারবে। এছাড়া আগের পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
পাঠ্যসূচি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৭ সালের নির্ধারিত সিলেবাস অনুসারে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এছাড়া জিপিএ উন্নয়ন ও পূর্বে অকৃতকার্য পরীক্ষার্থীদের বাইরে অন্য সব শিক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ বিবেচনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী এবং মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনের শিক্ষার্থীদেরও এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়নের সুযোগ দিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



