একাদশে তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরু ২৬ অক্টোবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৬ অক্টোবর (সোমবার)। আবেদন করা যাবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত।।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর (শুক্রবার) রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা ভর্তি নিশ্চায়ন করতে পারবে।
পছন্দক্রম অনুযায়ী তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় ধাপে আবেদন করেও যেসব শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পায়নি, তাদের তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে সিলেকশন বা এডিট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।



