২০২৭ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয় যুক্ত করা হবে। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে আরও দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী রূপ দিতে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মমুখী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রমে আরও পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের বাস্তবতা বিবেচনায় নতুন বিষয় সংযোজনের উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



