ক্যান্সারে আক্রান্ত মাকে বাচাঁতে রাবি ছাত্রীর আকুতি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্রী তামান্না ইয়াসমিন মা সার্ভাইকাল ক্যান্সারে (জরায়ুমুখ ক্যান্সার) আক্রান্ত।
চিকিৎসকের হিসাব অনুযায়ী, সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা তামান্না ইয়াসমিন ক্ষুদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। তাই তিনি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মাকে বাঁচাতে সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
তামান্নার বলেন, গত ৮ সেপ্টেম্বর তার মা সার্ভাইকাল ক্যান্সারে (জরায়ুমুখ ক্যান্সার) আক্রান্ত বলে শনাক্ত হন। বর্তমানে তিনি ক্যান্সারের তৃতীয় (স্টেজ-৩) পর্যায়ে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার মায়ের নিয়মিত কেমোথেরাপি এবং পরবর্তীতে কেমোথেরাপির পাশাপাশি রেডিয়েশন থেরাপি নিতে হবে।
গত ১৯ সেপ্টেম্বর রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার মায়ের প্রথম কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রতি ২১ দিন পরপর কেমোথেরাপি দেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি একসঙ্গে চালিয়ে যেতে হবে।
তামান্না জানান, তার বাবা অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারী। বর্তমানে তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। ফলে পরিবারের সীমিত আর্থিক সামর্থ্য দিয়ে মায়ের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় মায়ের চিকিৎসা চালিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তামান্না। পাশাপাশি তিনি তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
তামান্না বলেন, মায়ের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কেউ আর্থিকভাবে সহায়তা করতে না পারলেও আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ছাড়া তামান্না নিজের তৈরি কিছু শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ মায়ের চিকিৎসায় ব্যয় করতে চান। তার শিল্পকর্ম কিনে চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।



