জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)। বেলা ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
গত ২৫ আগস্ট প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, পরীক্ষার কোড ২২০২। প্রতিটি পরীক্ষা বেলা ১টায় শুরু হবে এবং পরীক্ষার নির্ধারিত সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।
সূচি অনুযায়ী, প্রথম দিনে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে বলা হয়েছে।
পরীক্ষা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক বের করা যাবে না। এছাড়া প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।



