Logo
Logo
×

শিক্ষা

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনের সময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনের সময়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। প্রথম ধাপে আবেদন না করা, পছন্দের কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া কিংবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়।

সমন্বয় কমিটি জানিয়েছে, প্রথম ধাপে কলেজে মনোনীত হয়েও নিশ্চায়ন করতে না পারা, ভর্তি সম্পন্ন না করা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ওয়েবসাইটে লগইন করে নিজেদের কলেজের পছন্দক্রম পুনর্নির্ধারণ বা সংশোধন করতে পারবেন। তবে যারা প্রথমবার আবেদন করছেন, তাদের প্রচলিত নিয়মে আবেদন ফি পরিশোধ করতে হবে।

দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ না করলে শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই আবেদন জমা দেওয়ার আগে কোটাসহ সব তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সমন্বয় কমিটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন