Logo
Logo
×

শিক্ষা

অক্টোবরে রাবি স্টেশনে তিতুমীর-সাগরদাঁড়ির যাত্রাবিরতি, রাতে শাটল বাস

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

অক্টোবরে রাবি স্টেশনে তিতুমীর-সাগরদাঁড়ির যাত্রাবিরতি, রাতে শাটল বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলস্টেশনে আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরু হবে। একই সঙ্গে গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত শাটল বাসের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সালাউদ্দিন আম্মার বলেন, অনুমোদন পাওয়ার পরপরই রাবি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু হবে—এমনটা অনেক শিক্ষার্থী মনে করছেন। তবে বিষয়টি বাস্তবে কিছুটা ভিন্ন। প্রায় দুই যুগের বেশি সময় ধরে স্টেশনটি অকার্যকর থাকায় এটি পুনরায় চালুর জন্য কিছুটা সময় প্রয়োজন। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার এবং সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান তিনি।

‎তিনি বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়েও আলোচনা চলছে। সেগুলোর যাত্রাবিরতি চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাতের ট্রেনগুলোর সময়সূচির সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎শিক্ষার্থীদের উদ্দেশে রাকসু জিএস বলেন, ‘আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। একই সঙ্গে সবসময় শিক্ষার্থীসুলভ ও সহযোগিতামূলক আচরণ করবেন।’

‎উল্লেখ্য, প্রায় দুই যুগের বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনটি। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গত ৬ আগস্ট দুটি আন্তঃনগর ট্রেনের রাবি স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন