প্রথমবারের মতো ৮ বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হচ্ছে বরিশাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশাল বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট, এই সাতটি শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় সভায় বরিশালকেও পরীক্ষার কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল যুক্ত হলে এবার দেশের আট বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটি সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।



