Logo
Logo
×

শিক্ষা

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, পরীক্ষা কমিটির সভাপতি অনন্যা লাবণীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে বাউবির এসএসসি পরীক্ষা ২০২৬-এর জন্য মোট ৪১৮টি স্টাডি সেন্টার ও ১৭০টি পরীক্ষা কেন্দ্র নির্ধারিত ছিল। এতে মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী নিবন্ধিত হন। তাদের মধ্যে ছাত্র ১০ হাজার ৮০৮ জন এবং ছাত্রী ২০ হাজার ৮ জন।

চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। এর ফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন, তাদের পাশের হার ৬১ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে ছাত্রী উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৩৯ জন, তাদের পাশের হার ৬৮ দশমিক ২৫ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২৪ এপ্রিল ২০২৬। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ৫ জুন এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১২ জুন। ফলাফল প্রস্তুত করতে মোট ৪৯ কার্যদিবস সময় লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

ফল প্রকাশ অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন তাদের অনেকেই জীবনের বিভিন্ন পর্যায়ে সংগ্রাম করে অ্যাকাডেমিক শিক্ষা গ্রহণের সুযোগ পান। তাদের শিক্ষাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষা ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনার পাশাপাশি যে কোনো ধরনের অনৈতিকতা ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য আরও স্বচ্ছ, আধুনিক ও সেবাবান্ধব শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন