২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে প্রচলিত সূচি কয়েকবার ব্যাহত হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় অপচয় কমাতে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে সময়সূচি নির্ধারণ করেছে।
গত ২৫ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।



