শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নজরদারি কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নজরদারিতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে।
সোমবার (১৭ আগস্ট) মাউশির এক চিঠিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকাবহির্ভূত, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অসত্য কোনো কনটেন্ট নজরে এলে তা স্ক্রিনশটসহ কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। এসব নির্দেশনা মানা হচ্ছে কি না, তা পরিবীক্ষণের জন্যই এ কমিটি গঠন করা হয়েছে।
মাউশির আওতাধীন কোনো সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকাবহির্ভূত স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও বা পোস্ট প্রকাশ করলে তা সংরক্ষণ করে কমিটির আহ্বায়ককে জানাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি, কর্মস্থল, ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, প্রোফাইল লিংক, পোস্টের তারিখ-সময় এবং স্ক্রিনশটসহ প্রমাণ পাঠাতে হবে।
চিঠির অনুলিপি মাউশির সব পরিচালক, আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ, সিনিয়র সিস্টেম এনালিস্ট এবং মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীকে দেওয়া হয়েছে।



