Logo
Logo
×

শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন রাবি অধ্যাপক ড. হীরা সোবহান

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন রাবি অধ্যাপক ড. হীরা সোবহান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ  পেয়েছেন রাজশাহী বিশ্বিবদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহান। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জানতে চাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, আমাকে এই পদে অধিষ্ঠিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে মেধা-মনন, শিক্ষা-গবেষণা ও সংস্কৃতি চর্চায় বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিতে     কাজ করে যাবো।

অধ্যাপক হীরা সোবাহান  ১৯৭০ সালের ২৪ মে বৃহত্তর ময়মনসিংহ জেলার (বর্তমান ময়মনসিংহ বিভাগ) মুক্তাগাছা থানার পৌর এলাকাভুক্ত নন্দীবাড়ি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট থেকে শিল্পী ১৯৯৩ সালে বিএফএ এবং ১৯৯৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএফএ সম্পন্ন করেন। তিনি ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত ‘বাংলাদেশ টেলিভিশন’-এ খন্ডকালীন গ্রাফিক শিল্প নির্দেশক হিসেবে, ২০০৩-২০০৫ সাল পর্যন্ত তিনি ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র অধীনে নড়াইলে ‘এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা’য় কিউরেটর-কাম সিনিয়র চারুকলা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালের ২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ‘ছাপচিত্র’ গ্রুপে স্থায়ীভাবে প্রভাষক পদে যোগদান করেন।

পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ‘বাংলাদেশের ছাপচিত্রকলা এবং তিনজন শিল্পী : সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া ও মনিরুল ইসলাম (১৯৪৮-২০০৮)’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য বাংলাদেশে ছাপচিত্র বিষয়ে প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

শিল্পজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগ থেকে ১৯৯৭ ও ১৯৯৯ সালে দুবার ‘শ্রেষ্ঠ নিরীক্ষামূলক পুরস্কার’, ১৯৯৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১২তম জাতীয় নবীনশিল্পী শিল্পকর্ম প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’, ১৯৯৭ সালে বাংলাদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘মানবতার জন্য শিল্প-৯৬’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’-সহ শিল্পজীবনে শতাধিক একক, দলীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ দেশ-বিদেশে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে তার চিত্রকর্ম সংগৃহীত রয়েছে।

তিনি ২০০৩ সালে দুটি এবং ২০১৯ সালে একটি-সহ মোট তিনটি একক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজনের পাশাপাশি, ‘ছাপচিত্রকলা’, ‘ছাপাই ছবির করণকৌশল’ ও ‘চারুকলার কৌশলাদি’ নামক তিনটি অ্যাকাডেমিক গ্রন্থ লিখেছেন। এছাড়া তিনি নিজ সম্পাদনায় শিল্পকলা বিষয়ে ‘শিল্পকথা’ শীর্ষক ষান্মাসিক ম্যাগাজিন বের করেন। স্বীকৃত জার্নালে তাঁর চারুকলা বিষয়ে বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তিনি ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক দুই খন্ডের (কমলকথা-১ ও কমলকথা ২) একটি গ্রন্থও লিখেছেন।

রাজনৈতিক জীবনে তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ. রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং শিক্ষক জীবনে ‘ইউনিভার্সিটি টিসার্চ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইউট্যাব)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব (বর্তমান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি (বর্তমান)-সহ জাতীয়তাবাদী চেতনার বিভিন্ন রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন