রাবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘RU Connect’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই বিশ্ববিদ্যালয়ের নানা সেবা
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘RU Connect’ নামে একটি তথ্যভিত্তিক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও সুজন প্রধান।
‘Butterfly Devs’-এর তৈরি এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। অ্যাপটির মূল উদ্দেশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কমিউনিটিকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করা।
ডেভেলপারদের তথ্য অনুযায়ী, RU Connect অ্যাপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, স্টুডেন্ট কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস, রাবি মেডিকেলের সেবাসংক্রান্ত তথ্য, ব্লাড ডোনার ডাটাবেজ, চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার তথ্য, শিক্ষার্থীদের জন্য রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি, রাকসু (RUCSU) সম্পর্কিত তথ্য এবং গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত লিংকসহ বিভিন্ন সেবা।
অ্যাপটির অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন সংগঠনকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা, যাতে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সেবাগুলো এক জায়গায় সহজেই পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, এই অ্যাপটি শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি কার্যকর তথ্যভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাপটি নিয়মিত নতুন ফিচার ও তথ্য সংযোজনের মাধ্যমে আরও সমৃদ্ধ করা হবে, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।



