Logo
Logo
×

শিক্ষা

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় সক্ষম, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সাত দিনব্যাপী ‘আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সিডিডিসি সেমিনার কক্ষে বহ্নিশিখা রাবি শাখার ‘বলীয়ান নারী’ প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎বহ্নিশিখা রাবি শাখার সভাপতি তুহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির। তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর সে জন্য প্রতিটি নারীর আত্মবিশ্বাসী হওয়া এবং আত্মরক্ষার কৌশল জানা প্রয়োজন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগম, অধ্যাপক ড. মোছা. ফৌজিয়া এদিব ফ্লোরা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান। বক্তারা নারী সুরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসিক দৃঢ়তা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব ও আব্দুর রহিম, প্রশিক্ষক রাইয়া আমীন, গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফান মন্ডল। এছাড়া বহ্নিশিখা রাবি শাখার সহ-সভাপতি সাজিদা সুফিয়া এবং গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ ও ইডেন কলেজ শাখার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

‎সাত দিনের এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় শতাধিক নারী শিক্ষার্থী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন