নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট প্রাঙ্গণে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।
বৃক্ষরোপণ শেষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কর্মীদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সচেতনতামূলক শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারি রুমে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা'র সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবীবুর রহমান। তিনি তাঁর উপস্থাপনায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন। তিনি বলেন, "পরিবেশ, প্রাণ ও প্রকৃতি বাঁচাতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।"
আয়োজন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ‘গ্রীন ভয়েস’ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব বলেন, "এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং সেমিনার থেকে আমরা পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছি।"



