একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়ে রাবির ছাত্র উপদেষ্টার পদত্যাগ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি নিজের হাতে লেখা পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টা দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন।
পদত্যাগপত্রে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তার পক্ষে ছাত্র উপদেষ্টার দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি ২০২৬ সালের ১১ জুন অপরাহ্ন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একাডেমিক ব্যস্ততা ও লেখালেখির কাজে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, তিনি অধ্যাপক আমিরুল ইসলামের পদত্যাগের বিষয়টি জানতে পেরেছেন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।



