১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার (২৫ মার্চ) এ সময়সূচি ঘোষণা করেছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ সূচি প্রকাশ করা হয়।
নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা চলবে।
অন্যদিকে, তিন পার্বত্য জেলার জন্য আলাদা সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ তিন জেলায় পরীক্ষা শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



