রাবিতে ‘ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে এবং গ্রীন ভয়েস, রাবি’র সহযোগিতায় “ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” শীর্ষক এক স্টুডেন্ট সংলাপ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেল ৩টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমি ভবনের সিসিডিসি কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম এবং ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা।
সংলাপে আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, রিসার্চ ফেলো আনিস রায়হান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর রাফি সিরাজী।
ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সদস্য সচিব ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “জ্বালানি সুবিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জ্বালানি দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি। এ লক্ষ্যেই ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি–২০২৪ প্রণয়ন করা হয়েছে।”
মাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব বলেন, শিক্ষার্থীদের জ্বালানি বিষয়ে সচেতন করে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
আলোচনায় আনিস রায়হান বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা ও জ্বালানি সুবিচার প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, সংবিধানে জ্বালানি খাতে জনগণের অধিকার স্বীকৃত হলেও সময়ের পরিক্রমায় এটি আমদানিনির্ভর ও মুনাফামুখী খাতে পরিণত হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রকৌশলী শুভ কিবরিয়া ন্যায্য জ্বালানি রূপান্তরে জ্বালানি সুবিচারের গুরুত্ব তুলে ধরেন। আর রাফি সিরাজী ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সংলাপে শিক্ষার্থীরা জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং একটি ন্যায্য ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে মতামত প্রদান করেন।



