জাকসু নির্বাচনে বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট, চার্জার লাইটে ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে চার্জার লাইটে ভোটগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোট শুরু হলেও বেলা ১০টা ৪৫ মিনিটে হঠাৎ বৃষ্টি নামলে কিছু সময় পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল ও বীর প্রতীক তারামন বিবি হলসহ বেশ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ভোটগ্রহণ করতে হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি হলে জেনারেটর চালু করে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।
ফজিলতুন্নেছা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি জানান, “আমাদের হলে ভোট নিচতলার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সেখানে অনেক অন্ধকার ছিল।”
১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, “আমরা বিকল্প হিসেবে চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি।”
বৃষ্টির কারণে সাময়িক অসুবিধা হলেও ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে, এবং প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



