Logo
Logo
×

শিক্ষা

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোট আয়োজন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। পাশাপাশি, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ও তার বাইরের এলাকাতেও অবস্থান করছে।

নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার দিবাগত রাতে সব ভোটকেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়। আজ সকালেই ভোটের ব্যালটও কেন্দ্রে পাঠানো হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব গেট—মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট ব্যতীত—১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ দোকান ও ভাসমান বাজারগুলো আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রয়েছে। তবে, সব আবাসিক হলে ক্যান্টিন ও প্রয়োজনীয় দোকান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি বিভাগ ব্যতীত সব মোটরসাইকেল চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন