Logo
Logo
×

অর্থনীতি

রাজধানীর বাজারে চড়া মাছের দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

রাজধানীর বাজারে চড়া মাছের দাম

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো সাধারণ মাছও কেজিপ্রতি ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। গলদা চিংড়ির কেজি ৮০০ টাকা। অন্যদিকে দেশি ও সামুদ্রিক মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজার ঘুরে মাছ, মুরগি, মাংস ও ডিমের বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকায়। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৫০০ টাকা।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও বেশি। বাজারে আইড় মাছের কেজি ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সাগরের পাঙ্গাসের কেজি ১ হাজার ২০০ টাকা।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলমের ভাষ্য, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্য হয়। তবে গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বাড়লে বিক্রেতাদেরও বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়, যা তাঁদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

বাজারে মাছ কিনতে আসা রবিউল আলম জানিয়েছেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ এবং ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। তার মতে, মাছের দাম আগের মতোই রয়েছে। তবে ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম।

মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা। অন্যদিকে রায়েরবাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

মাংস বিক্রেতা মো. লিটন জানিয়েছেন, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন