Logo
Logo
×

অর্থনীতি

বড় পরিবর্তন আসছে ব্যাংকের পরিচালনা পর্ষদে

Icon

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

বড় পরিবর্তন আসছে ব্যাংকের পরিচালনা পর্ষদে

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ৬ বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো ও সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের এ পদে নিয়োগ না দেওয়াসহ ব্যাংক কোম্পানি আইনে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৈরি করা এই খসড়া অনুমোদন দেবেন অর্থমন্ত্রী। এরপর শিগগির এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে আনা এই প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি একটি ব্যাংকের পরিচালক হিসেবে টানা ৬ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমানে এই মেয়াদ ১২ বছর।

কোনো পরিচালক টানা ৬ বছর দায়িত্ব পালনের পর পুনরায় নিয়োগ পাওয়ার যোগ্য হতে হলে ৩ বছরের ‘কুলিং-অফ’ বা বিরতি বাধ্যতামূলক করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে পরিচালকদের টানা মেয়াদের ঊর্ধ্বসীমা কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। ২০১৮ সালে সংশোধনীর আগে এটি ৬ বছর ছিল। ওই সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর করা হয় এবং ২০২৩ সালের সংশোধনীতে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল।

ব্যাংকের মালিকানায় পারিবারিক আধিপত্য কমাতে প্রস্তাবিত আইনে একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা কোম্পানি থেকে মনোনীত পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুজনের বদলে একজনে কমিয়ে আনা হবে।

পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ অপরিবর্তিত রাখলেও, খসড়ায় স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০ সদস্যের পর্ষদে তিনজনের পরিবর্তে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে দুজনের বদলে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখা বাধ্যতামূলক করা হবে।

স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞাও আরও কঠোর করা হয়েছে, যেন সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত আগের ৩ বছর ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ না থাকে এবং বর্তমানে বা ভবিষ্যতেও কোনো স্বার্থ জড়িত না থাকে।

ব্যাংক ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে একটি নতুন ধারা যুক্ত করা হচ্ছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব রাখা হয়েছে।

নতুন প্রস্তাবিত ‘১৭ক’ ধারা অনুযায়ী, কোনো পরিচালককে টানা ৩ মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি মঞ্জুর করা যাবে না এবং এ ধরনের ছুটি বছরে একবারই পাওয়া যাবে।

শেয়ার রাখার সীমাতেও আসছে পরিবর্তন। বর্তমানে আইনের ১৪ক(১) ধারায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক বা যৌথভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে একটি শর্ত যুক্ত করে ব্যাংকিং খাতের স্বার্থে বাংলাদেশ ব্যাংককে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এই ১০ শতাংশ সীমা শিথিল করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে।

সর্বশেষ এই খসড়ার বেশ কিছু বিধান অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়া থেকে আলাদা। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের মোট সদস্যসংখ্যা ১৫-তে সীমাবদ্ধ রাখা এবং তাদের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব করা হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন