Logo
Logo
×

অর্থনীতি

গবেষণা

দরিদ্রদের আয়ের পাঁচ ভাগের এক ভাগই চলে যায় ভ্যাটে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

দরিদ্রদের আয়ের পাঁচ ভাগের এক ভাগই চলে যায় ভ্যাটে

বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগই চলে যায় মূল্যসংযোজন কর বা ভ্যাট দিতে। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়।

একটি নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, গ্রামাঞ্চলে এই চাপ আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাটেই চলে যায়। আর শহরের ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই গবেষণার তথ্য তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে করেছেন র‍্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।

আয়করের বড় সম্ভাবনা ধনীদের কাছে

গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ পরিবারের কাছ থেকে। বর্তমান করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি তাদের দেওয়ার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।

দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার কম। ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।

এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। দেশে বৈষম্য দ্রুত বাড়ছে। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে।

অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৪০ শতাংশ কমেছে। কিন্তু সেই অনুযায়ী শুল্ক রাজস্ব বাড়েনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, সরকার রাজস্ব পুনরুদ্ধারের উপায়গুলো খতিয়ে দেখবে।

অর্থসচিব জানান, এ বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। কারণ উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো নগদ অর্থ অনেক মালিকের কাছে না-ও থাকতে পারে। এর বদলে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর জোর দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন