Logo
Logo
×

অর্থনীতি

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আগামী ১ ডিসেম্বর এ নিলাম হবে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এ সুকুক ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে সুকুকের নিলাম হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা এ সুকুকে বিনিয়োগের বিপরীতে ১৮২ দিনে ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি এ নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডের বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকলে তারাও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন