ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের এ শক্তিশালী অবস্থান দেখা যায়। বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপকারী ডলার সূচক ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।
যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা।
বাজারে এখন ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে অতিরিক্ত সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দর ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।



