বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো (পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক) চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরকারের প্রতিনিধিদল বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে বসে চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করবে।
শুক্রবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, চুক্তির মৌলিক নীতিগত বিষয়গুলোতে বড় কোনো জটিলতা নেই। তবে বিভিন্ন বিষয় কীভাবে বাস্তবায়ন হবে এবং কোন খাতে কী ধরনের সহযোগিতা থাকবে, তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
বার্ষিক সভার আয়োজনস্থল সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনের শুরুতে ব্যাংক অব আমেরিকা, গুগল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
অর্থমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও দেশের বর্তমান বাস্তবতা ও সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ কারণে বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরের জন্য একটি সুস্পষ্ট উন্নয়ন কাঠামো প্রস্তুত করা হচ্ছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের পূর্ণাঙ্গ অধিবেশন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বই সবচেয়ে বড় শক্তি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমর্থন ও যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।



