ঋণখেলাপি হলেও বিশেষ সুবিধা পেল বেক্সিমকো
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হলেও রপ্তানি কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সরকারি সেবা অব্যাহত রাখতে বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ এবং বেক্সিমকো কম্পিউটার।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পৃথক সার্কুলার জারি করে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিশেষ এই ব্যবস্থার ফলে প্রতিষ্ঠানগুলো ঋণ নবায়ন, ঋণপত্র (এলসি) খোলা, চলতি মূলধন সংগ্রহ এবং নির্দিষ্ট ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাইনপুকুর সিরামিকস সোনালী ব্যাংকের ঋণখেলাপি গ্রাহক হওয়ায় তাদের রপ্তানি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতিতে কোম্পানিটিকে ১০৫ কোটি টাকার চলতি মূলধন সুবিধার আওতায় এলসি ও এলটিআর নবায়নের অনুমতি দেওয়া হয়েছে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। এ সময় কোম্পানির সব আয় নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করতে হবে এবং সেখান থেকে দায় পরিশোধ করা হবে।
অন্যদিকে, দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি গ্রাহক বেক্সিমকো এলপিজি ইউনিট-১-কে শতভাগ মার্জিনের ভিত্তিতে এলসি খোলা ও চলতি মূলধন সুবিধা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী বছরের শেষ পর্যন্ত এ সুবিধা ভোগ করতে পারবে।
এ ছাড়া বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি সেবা কার্যক্রম চলমান রাখতে বেক্সিমকো কম্পিউটারকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এক্সিম ব্যাংকে থাকা তাদের বিভিন্ন পারফরম্যান্স গ্যারান্টি ও ব্যাংক গ্যারান্টির মেয়াদ নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। এর আওতায় ঢাকা ওয়াসা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পসংক্রান্ত গ্যারান্টিগুলোর মেয়াদ বাড়ানো হবে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি কার্যক্রম, এলপিজি সরবরাহ এবং সরকারি তথ্যপ্রযুক্তি সেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্যই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন।



