নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
শ্রমিক সংগঠনসহ বিভিন্ন মহলের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে সময়ক্ষেপণ দেশের বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় পণ্য খালাস ও কন্টেইনার ব্যবস্থাপনায় বেশি সময় লাগায় বন্দরের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।
এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। সরকারের আশা, এর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উন্নয়ন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই নিউমুরিং কন্টেইনার টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের বৈদেশিক বাণিজ্যে এ টার্মিনালটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



