আগস্টে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, বেড়েছে ২২ শতাংশ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
চলতি অর্থবছরের আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে প্রবাসীরা পাঠিয়েছেন ২৯৭ কোটি ৬৬ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার। এর আগে জুলাই মাসে পাঠানো হয়েছিল ২৮৬ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার। বর্তমানে ব্যাংকগুলো প্রতি ডলারে ১২৩ টাকা দিচ্ছে। সে হিসাবে আগস্টে দেশে এসেছে প্রায় ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার, যা টাকার অঙ্কে ১ হাজার ১৭৭ কোটি।
গত অর্থবছরের আগস্টে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪২ কোটি ১৯ লাখ (২.৪২ বিলিয়ন) ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে এসেছে ৫৮২ কোটি ৫৩ লাখ (৫.৮২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।



